নিম্নমুখী স্বর্ণের বাজার
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ এএম
যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স নেমে আসে ৪ হাজার ৪৩৭ দশমিক ১০ ডলারে। আগের সেশনে এই দাম ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ফিউচার্স বাজারে — যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৮৫ দশমিক ৩০ ডলারে।
দাম কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক কঠোর অবস্থানকে। জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরবে এমন পর্যাপ্ত আস্থা না এলে ফেডকে আরও পদক্ষেপ নিতে হতে পারে। এই বক্তব্যের পরপরই গত শুক্রবার স্বর্ণের দামে ৩ শতাংশের বেশি পতন ঘটে।
সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা এখন সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে ৮৯ শতাংশ। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ তখন সুদবিহীন এই ধাতুর তুলনায় সুদযুক্ত সম্পদ বিনিয়োগকারীদের কাছে বেশি লাভজনক হয়ে ওঠে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে দানা বাঁধার আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দেন, যার জেরে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম — ব্রেন্ট ক্রুড উঠেছে প্রতি ব্যারেল ৯১ ডলারের ওপরে।
বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম বাড়তে থাকলে মূল্যস্ফীতির চাপও বাড়বে, আর তা নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের ওপর চাপ আরও বাড়তে পারে।
এদিকে স্বর্ণের বিপরীতে কিছুটা চাঙাভাব দেখা গেছে অন্যান্য মূল্যবান ধাতুতে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৩৪ ডলারে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে হয় ১ হাজার ৭৯৩ দশমিক ০৩ ডলার, আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে যায় ১ হাজার ৩৫৬ দশমিক ৭৫ ডলারে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- দেশের বাজারে কমাল সোনার দাম
- মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৮ ডলার
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়