বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৬:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৭:৫৯ পিএম
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার "এফবি বরকত"-এর নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলে এবং সেখান থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা।
এর আগে সোমবার দুপুরে ট্রলারটি সাগরে ডুবে যায়। সে সময় ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৫ জন নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রবল ঝড়-তুফান বইছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজে ঘুমিয়ে পড়েছিলেন। এমন অবস্থায় হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। প্রাণে বাঁচা ৮ জন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারে উঠে উদ্ধার পান।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজদের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সাগরে একটি ট্রলার পাঠানো হয়। বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা জানার পর সোমবারই সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারের খোঁজে অনুসন্ধান শুরু হয়। মঙ্গলবার ট্রলারটির সন্ধান মেলার পর এর ভেতর থেকে নিথর দেহগুলো উদ্ধার করা হয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় মরদেহগুলো সাগর থেকে পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে।
নিহত জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন