বিশ্ববাজারে তেলের ব্যাপক দরপতন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১০:৩০ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশায় একদিনেই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম নেমে দাঁড়ায় প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬ ডলারে—আগের দিনের ৯১ দশমিক ৬৮ ডলার থেকে যা ১০ দশমিক ৪ শতাংশ কম।
একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে দাঁড়ায় প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ ডলারে।
হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের উদ্বেগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারে উঠেছিল।
প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলে বাজারে স্বস্তি ফিরতে শুরু করে।
সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো আলোচনা চলছে এবং সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারাও পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে।
কাজাখস্তানের তেল রপ্তানির প্রধান রুট রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনাল থেকে ফের অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায় বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
তবে বাজারে সতর্কতা পুরোপুরি কাটেনি—ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরামকো-সংশ্লিষ্ট জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলার দাবি করেছে, যদিও সৌদি সরকার বা আরামকো এখনো এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
- ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- দেশে ফের কমল স্বর্ণের দাম
- টানা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম