শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১২:৩৮ পিএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১২:৩৮ পিএম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান। এই মামলায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা ৯ আসামি হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে তদন্ত সংস্থা ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে।
আরও পড়ুন
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড