ছয় বাংলাদেশী শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসঙ্ঘের মরণোত্তর পদক
সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:২৩ এএম | আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:২৩ এএম
আবেইতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ছয় বাংলাদেশী শান্তিরক্ষীকে মরণোত্তর 'ড্যাগ হ্যামারশোল্ড পদক' প্রদান করা হবে।
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদক তুলে দেবেন।
পদকপ্রাপ্ত ছয় বাংলাদেশী শান্তিরক্ষী হলেন— মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল। গত বছরের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসঙ্ঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তারা নিহত হন।
এই অনুষ্ঠানে গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদক দেওয়া হবে। পাশাপাশি ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসঙ্ঘ মহাসচিব।
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে সামরিক ও পুলিশ সদস্য প্রেরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারায় পরিচালিত মিশনগুলোতে ২৭৭ জন নারীসহ চার হাজারেরও বেশি বাংলাদেশী সদস্য কর্মরত আছেন।
এ বছর জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ছিল 'শান্তিতে বিনিয়োগ'। দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেস বলেন, শান্তিরক্ষা স্থিতিশীলতা ও আশার পুনঃপ্রতিষ্ঠায় পরীক্ষিত ও সাশ্রয়ী উপায়, তবে এর জন্য ধারাবাহিক রাজনৈতিক সমর্থন ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা