সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৮:২২ এএম | আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৮:২২ এএম
এক মাসের সিয়াম সাধনা শেষে আজ শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াডসহ বিশেষ টিম মোতায়েন থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের স্থান, প্রবেশপথ ও ওজুর সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
এদিকে, দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
পাশাপাশি হাসপাতাল, কারাগার, শিশু সদন ও বৃদ্ধাশ্রমে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পার্ক ও দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- 'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
- মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
- আজ পবিত্র জুমাতুল বিদা
- হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ যাত্রী
- খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
- এবার কুরআন অবমাননায় গ্রেপ্তার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তানভীর
- পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
- দুর্গোৎসবে আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা