তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১০:২৩ এএম
নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনার কারণে উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে নির্বাচনকে সামনে রেখে কমিশনের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ায় দলীয় কার্যালয় সাজানো হয় এবং তারেক রহমানের পূর্বে অবস্থান করা বাড়িতেও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়। যেসব জেলায় তার সফরের কথা ছিল, সেখানকার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন।
বিশেষ করে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দলীয় নেতারা জানান, সফরটি সাময়িকভাবে স্থগিত হলেও উত্তরবঙ্গে বিএনপির সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে।
এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি পালনের কথা ছিল তারেক রহমানের।
আরও পড়ুন
- ইসিতে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চলছে
- তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল আরোহী
- গুম, খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে তারেক রহমানের মতবিনিময় সভা
- তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক
- ক্ষমতায় এলে 'ইনশাআল্লাহ' হাদি হত্যার বিচার করবে বিএনপি : মির্জা ফখরুল
- রিক্সা-ভ্যান-অটো চালকদের সাথে তারেক রহমানের মতবিনিময়
- উদ্দেশ্যমূলকভাবে ব্যালোটে কিছু দলের প্রতীক আগে দেওয়া হয়েছে : নজরুল ইসলাম
- অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা : মির্জা ফখরুল