সাবেক আইজিপি মামুন ও শহীদুলের রিমান্ড মঞ্জুর
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮ পিএম | আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪৪ পিএম
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের ৭ দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুটি পৃথক হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
প্রত্যেক আসামির ক্ষেত্রেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জনকে আসামি করা হয়।
অন্যদিকে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেয়া হয়। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই সরকারের সময়ে আইজিপির দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান।
এরপর ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।
আরও পড়ুন
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেধা ও যোগ্যতায় দেশের জন্য গৌরব বয়ে আনলে স্বীকৃতি: প্রধানমন্ত্রী
- জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করবে সরকার : আইনমন্ত্রী
- স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ
- ৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ