পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা চার দিন তাপমাত্রান ১৫ ডিগ্রির নিচে
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:২৬ এএম | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:২৬ এএম
উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় রাত ও ভোরে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। টানা চার দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা কিছুটা বেড়ে রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় সূর্যের দেখা মিললে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। সন্ধ্যার পর উত্তরের হিমেল বাতাসে বাড়ে ঠান্ডার তীব্রতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত আরও জেঁকে বসে।
ভোরে কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও ঠান্ডা বাতাসের মধ্যেই জীবিকার প্রয়োজনে কাজে বের হতে হচ্ছে কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে। মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে শীতের কষ্ট পোহাতে হচ্ছে তাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, শীতের প্রকোপ আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি
- ঘূর্ণিঝড় ‘আকভান’ উপকূলের পথে, বন্দরে ৩ নম্বর সংকেত
- ঢাকাসহ ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
- তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১৬.৫ ডিগ্রি
- অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাংলাদেশে সতর্কসংকেত
- অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ বন্দরে সতর্ক সংকেত
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়