ক্যানসারের কাছে হার মানলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ এএম | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ এএম
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী ছিলেন তিনি।
এক বছরেরও বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকেই চিকিৎসা চলছিল। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার সৃষ্টিকর্মে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সমাজের নানা অসংগতি ও বাস্তবতার চিত্র।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’। এসব কাজের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি ও প্রশংসা অর্জন করেন তিনি।
নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’
- চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
- দীর্ঘ দশ বছরের পথচলায় ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা