1. »
  2. জাতীয়

নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে পারলে সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন নয়: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৩ এএম

নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে পারলে সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন নয়: প্রধানমন্ত্রী

সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়নের মাধ্যমে দেশের নিজস্ব উৎপাদন দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উৎপাদন বাড়িয়ে তা শিল্পে রূপান্তর করা গেলে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সহজ হবে।

তিনি বলেন, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। আর কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তারেক রহমান জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, টিকাদান, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

দেশের পোলট্রি খাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দুই লাখের বেশি পোলট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, চামড়াজাত পণ্য, হ্যাচিং এগ, হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রিপণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের প্রবেশাধিকার বাড়াতে খাদ্যনিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনে সক্ষম উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে।

খামারিদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি তাঁরা। তাঁদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

পশুপাখির অধিকার রক্ষার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের সুযোগ দিতে হবে। একই সঙ্গে ভয় ও মানসিক যন্ত্রণা থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পশুপাখির প্রতি মানবিক আচরণ ও তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রত্যেকের দায়িত্ব।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠবে।