পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ বোর্ডের পঞ্চম সভা আজ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আজ পঞ্চম সভায় বসছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
সভায় সর্বসম্মতিক্রমে প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।
এ ছাড়া কোনো গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট গ্রেডে ন্যূনতম দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ২৩ নভেম্বরের বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল। দুই পক্ষের মতপার্থক্যের কারণে তখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
- একদিনে স্বর্ণের ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
- বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
- কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম