1. »
  2. খেলার মাঠ

প্রথমবারের মতো চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:৫২ পিএম

প্রথমবারের মতো চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে নতুন নজির গড়তে যাচ্ছে ফিফা। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে ২০৩১ সালের আসর। এ জন্য স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।

সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। বিকল্প কোনো আয়োজক প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

শুধু ২০৩১ সালেই নয়, পরবর্তী ২০৩৫ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে চার দেশের যৌথ আয়োজনে। ওই আসরের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য। দেশটির ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো।

২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। তবে চার দেশের সম্মিলিত আয়োজনে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ।

অন্যদিকে, ৬৯ বছর পর ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের আসরে দেশটির চারটি অঞ্চলে খেলবে অংশগ্রহণকারী দলগুলো।

এর আগে ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। ৩২টি দল নিয়ে আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ওই আসর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে নারী ফুটবল বিশ্বকাপের আসর।

বর্তমানে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপাধারী স্পেন।