বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:১৬ পিএম
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি এতদূর এগিয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর উপলক্ষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা আগুন-সন্ত্রাস করছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিচ্ছে এবং মানুষকে ছুরিকাঘাত করছে, তা দেশের মানুষ জানে। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস নিষিদ্ধঘোষিত দলের বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, ১৯৭২ সাল থেকেই তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে।
জাহিদ হোসেন আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি আবারও পুরোনো কায়দায় শক্তি প্রয়োগ করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের মানুষ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে।
মন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং গণতান্ত্রিক অধিকার ধরে রাখার বিষয়ে দেশের মানুষ সচেতন। অতীতেও দেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি, ভবিষ্যতেও করবে না বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে এবং আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা দেশের মানুষ জানে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সারাদিনের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী
- ১১৫ জনের বেশি হত্যায় জড়িত জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
- বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা
- এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী