1. »
  2. আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতে ইরানে হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২০ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২০ এএম

নতুন বছরের শুরুতে ইরানে হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। তার এমন বক্তব্যে নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে সম্ভাব্য সামরিক অভিযানের সময়, লক্ষ্যবস্তু কিংবা পরিধি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।

বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইরানকে ছাড় দিতে চাপ সৃষ্টি করতেই এমন কঠোর অবস্থানের কথা জানিয়ে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে নতুন বছরের আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হয় কি না, তার ওপর দুই দেশের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে।

সূত্র: গালফ নিউজ