1. »
  2. অর্থ বাণিজ্য

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা নয় দফা দাম কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এ দুই প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে গত ২১ নভেম্বর রাতে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ওই দাম ২২ নভেম্বর থেকে কার্যকর হয়।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৬ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।