পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া বোর্ডের তৃতীয় এ সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করবেন বোর্ডের সদস্যরা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সকাল সাড়ে ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব গ্রহণ এবং পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।