ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ এএম | আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ এএম
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের উড়িষ্যা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এরই মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
- পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি
- ঘূর্ণিঝড় ‘আকভান’ উপকূলের পথে, বন্দরে ৩ নম্বর সংকেত
- ঢাকাসহ ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
- তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১৬.৫ ডিগ্রি
- অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাংলাদেশে সতর্কসংকেত
- অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ বন্দরে সতর্ক সংকেত
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস