1. »
  2. জাতীয়

তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পিএম

তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

“বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে।” লালমনিরহাটে তরুণদের সামনে এ কথা বলে দেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের সময়সীমা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ঘোষণা, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগোবে অন্যের প্রযুক্তির ওপর নির্ভর করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে। 

আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে তরুণরা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবে, এমনকি আকাশও জয় করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

এভিয়েশন খাতের লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য পূরণে তরুণদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার ওপরই ভরসা করতে হবে।

নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধার ওপর ভর করে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।