1. »
  2. অর্থ বাণিজ্য

কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:২২ এএম

কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

শ্রমিক বিক্ষোভের জেরে মঙ্গলবার ছুটি ঘোষণা করা গাজীপুরের অনেক পোশাক কারখানা বুধবার আবার উৎপাদন শুরু করেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিন ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার, শিরিরচালা, ১ নম্বর সিএনবি বাজার, আসপাডা মোড় ও ২ নম্বর সিএনবি বাজার এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুরের পর ১ নম্বর সিএনবি বাজার, আসপাডা মোড় ও ২ নম্বর সিএনবি বাজার এলাকায় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার ছুটি ঘোষণা করা অনেক কারখানায় বুধবার উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।