1. »
  2. জাতীয়

চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:০৫ পিএম

চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এসব দেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব আহ্বান জানান রাষ্ট্রপতি। তাঁর প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানি বাড়াতে দেশগুলোর প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক কম দামে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। এসব পণ্যের বাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চান তিনি। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী এবং দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এ ছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের প্রস্তাব দেন তিনি।

গিনি ও ঘানার ক্ষেত্রে কৃষি খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। দেশ দুটিতে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানীদের কাজে লাগিয়ে এ দেশের কৃষি-অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি।

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

ঘানার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোর সঙ্গে বৈঠকে কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা চান। রাষ্ট্রপতি এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, রং করা ও ছাপার কাজে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় দেশটির ডিজিটাল সরকারব্যবস্থার অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটাল রূপান্তর, নতুন উদ্যোগ এবং আর্থিক প্রযুক্তি খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগের আহ্বান জানান।

নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। তাঁদের দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাঁদের মেয়াদে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল নবনিযুক্ত কূটনীতিকদের গার্ড অব অনার দেয়। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।