কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪৫ পিএম
বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।
একই দিন গণমাধ্যমকে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন সম্পন্ন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে এই উপনির্বাচনের কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ক্ষেত্রে বড় কোনো প্রভাব পড়বে না। তবে সংশ্লিষ্ট এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নাও হতে পারে। আবার একই সময়ে দুটি নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। এ বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
- চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান
- শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় নিজেদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী
- শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
- অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
- রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু