শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় নিজেদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাঁদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।
এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
- চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান
- কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
- ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী
- শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
- অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
- রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু