1. »
  2. জাতীয়

শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম

শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল খাতে মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকা সফরে এসে সরকারকে এ বিষয়ে অবহিত করেছেন। ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।

তিনি বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ বাড়তে পারে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা জোরদার হবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা গ্রহণের ফলেই বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন অভিযোগ করেন, দলটি দেশে ও বিদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষে থাকা সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে এসব বাধা মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।