অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৪০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৪০ পিএম
অন্য গণমাধ্যমের সংবাদ নকল করে অনলাইন পোর্টাল পরিচালনার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। নিবন্ধনহীন অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনিবন্ধিত অনলাইন পোর্টালে অপতথ্য প্রচার, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান এক সাংবাদিক।
জবাবে উপদেষ্টা বলেন, বর্তমানে একটি অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে হুবহু প্রকাশের প্রবণতা দেখা যাচ্ছে। সাংবাদিকতার নামে এ ধরনের চর্চা গ্রহণযোগ্য নয়। নিবন্ধনহীন কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
নিবন্ধনের জন্য আবেদন করা অনেক অনলাইন পোর্টালের কার্যক্রম পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই-বাছাইয়ের কারণে আটকে রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেদন নিষ্পত্তিতে কিছুটা প্রশাসনিক বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তবে যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের যোগ্য, তাদের অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা তৈরির অগ্রগতি সম্পর্কেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। তথ্যমন্ত্রীও সম্প্রতি সংসদে এ কার্যক্রমের কথা জানিয়েছেন। নীতিমালা প্রণয়নের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এটি চূড়ান্ত করতে আরও কিছুটা সময় প্রয়োজন হবে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
- চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান
- কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
- শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় নিজেদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী
- শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
- রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু