ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সের জয়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। তুরস্ককে হারিয়ে শেষ আটে উঠেছে ফরাসিরা। অন্যদিকে পিছিয়ে পড়েও ইতালির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বেলজিয়াম।
নিজেদের মাঠে তুরস্কের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে ফ্রান্স। ম্যাচে প্রথম গোলটি আসে তুরস্কের এমিরহান টপচুর আত্মঘাতী ভুলে। ফরাসিদের নেওয়া কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান তিনি।
এরপর বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান বাড়ান বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রৌপি। রায়ান শেরকির পাস থেকে বল পেয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ২০ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে আরদা গুলারের কর্নার থেকে হেডে একটি গোল শোধ করেন আব্দুলকারিম বারদাকচি। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
গ্রুপ ‘এ১’-এ ছয় ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছে তুরস্ক। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স।
এদিকে ব্রাসেলসে ইতালির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। ম্যাচের ১১ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের প্রয়োজন ছিল অন্তত একটি ড্র।
তবে চার মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় বেলজিয়াম। ১৫ মিনিটে গোল করেন ম্যাক্সিম ডি কুইপার। এরপর বিরতির আগে নাথান এনগয় ও জেরেমি ডকুর পরপর দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে ডিয়েগো মোরেইরা চতুর্থ গোলটি করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।
এই জয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২০২০-২১ মৌসুমের পর প্রথমবারের মতো নেশনস লিগের গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে শেষ আটে ওঠার সুযোগ হারাল ইতালি।
আরও পড়ুন
- ঘরের মাঠে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান
- ফ্রান্সকে হারিয়ে ইতালির ৬৪ বছরের অপেক্ষার অবসান
- শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- স্যান্ডপেপার গেট বিতর্কে নতুন দাবি খাজার, মুখ খুললেন মিচেল স্টার্ক
- সাফে খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী
- ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান
- ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক-তাসকিন