1. »
  2. আন্তর্জাতিক

হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৫ এএম

হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে একটি বিশাল সুপারট্যাংকার ডুবে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলকারী দুটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি উপসাগরের দক্ষিণ জলসীমায় ডুবে গেছে। তবে জাহাজ দুটির নাম কিংবা মালিকানার দেশ সম্পর্কে কোনো তথ্য জানায়নি আইআরজিসি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। তেহরানের দাবি, এ জলপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত পথ অনুসরণ করতে হবে।

অনুমতি ছাড়া জাহাজ চলাচল ঠেকাতে সরাসরি হামলা ও নৌমাইন ব্যবহারের মতো পদক্ষেপ নিয়েছে ইরান। গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে তেহরান। এসব ঘটনার পেছনে মাইনের আঘাতকে দায়ী করা হয়েছে।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তায় সহায়তা করছে ওয়াশিংটন। তবে এসব পদক্ষেপের মধ্যেও গুরুত্বপূর্ণ এ জলপথে জাহাজে হামলার ঘটনা ঘটছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মাসে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে এ হামলার সঙ্গে আইআরজিসির ঘোষিত ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে জাহাজটির নাবিকেরা নিরাপদে রয়েছেন।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এ জলপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড