1. »
  2. সমগ্র দেশ

গাজীপুর শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ পিএম | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ পিএম

গাজীপুর শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব সদস্য দায়িত্ব পালন করছেন। মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ছয়টি পোশাক কারখানা আজও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, বিজিবি ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। অন্য বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া কয়েকজনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।