বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৯ এএম | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৯ এএম
মার্কিন ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার নেওয়া নীতি ও সিদ্ধান্ত দেশব্যাপী বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের লক্ষ্য, কোনো সরকারি সংস্থার বিধিমালা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়লেও যেন তা পুরোপুরি বাতিল না হয় এবং সংশ্লিষ্ট মামলার বাদীদের বাইরে অন্যদের ক্ষেত্রে কার্যকর থাকে।
এর আগে দেশজুড়ে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় বিচারকদের থাকা আরেকটি ক্ষমতা খর্ব করতে চাইছে তারা।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা আদালতের মাধ্যমে পুরোপুরি বাতিল করা উচিত নয়। বরং আদালতের দেওয়া প্রতিকার শুধু সংশ্লিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, সুপ্রিম কোর্টে এই মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে বিতর্কিত সরকারি বিধিমালা মামলার বাদীদের বাইরে অন্য সবার জন্য কার্যকর রাখা সম্ভব হবে। এমনকি আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও দীর্ঘদিন সেটি কার্যকর থাকতে পারে।
বামজাই বলেন, এমন সিদ্ধান্ত নির্বাহী বিভাগকে আরও বেশি স্বাধীনতা দেবে। তবে এই ক্ষমতাকে ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে দেখা হবে, তা অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি ব্যক্তির সমর্থন বা বিরোধিতার ওপর।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন নীতিতে কঠোরতা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বিভিন্ন বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। বিভিন্ন আদালতের বিচারকেরা প্রশাসনের কিছু পদক্ষেপ আটকে দেওয়ায় নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিরোধও বেড়েছে।
এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশব্যাপী কার্যকর হওয়া ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করে। তবে আইনের অন্য একটি ধারার কারণে ফেডারেল সংস্থার বেআইনি বিধিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষমতা তখনো বিচারকদের হাতে ছিল।
এবার সেই ক্ষমতাও সীমিত করার আবেদন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন এই আইনি লড়াই শুরু হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত একটি আইনের অধীনে তৈরি স্বাস্থ্য খাতের কয়েকটি বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকেরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালার কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করে।
তবে ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার মূল বৈধতা নিয়ে বিতর্কে না গিয়ে আদালতের এপিএ-সংক্রান্ত ক্ষমতাকেই চ্যালেঞ্জ করছে। তাদের অবস্থান, আদালতের দেওয়া কোনো প্রতিকার যেন মামলার বাদীদের বাইরে অন্যদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর না হয়।
আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে কোনো সরকারি বিধিমালাকে আদালত অবৈধ ঘোষণা করার পরও সরকার সেটি অন্যদের ওপর কার্যকর রাখতে পারবে। ফলে সংশ্লিষ্ট আইনি লড়াই নিষ্পত্তি হতে মাস কিংবা বছর পেরিয়ে গেলেও বিতর্কিত বিধিমালা কার্যকর থাকার সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার এবং আইন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচারকদের এই ক্ষমতা থাকা জরুরি। তাদের মতে, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে সাধারণ নাগরিক ও অঙ্গরাজ্যগুলোর জন্য অবৈধ সরকারি বিধিমালা বাতিল করানো আরও কঠিন হয়ে পড়বে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব
- হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ
- ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে একাধিক বিস্ফোরণ
- মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১
- মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান: মার্কো রুবিও
- তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত