আ'লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার গ্রেপ্তার
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৩০ এএম
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে আগে থেকেই নজরদারিতে ছিলেন তিনি। এ ঘটনায় তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
জানা গেছে, জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করেন রেঞ্জের ডিআইজি। এরপর তার বিরুদ্ধে তদন্ত ও নজরদারি জোরদার করা হয়।
এদিকে মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’
এজাহারে এ ধরনের আরও কিছু কথোপকথনের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের দায়িত্ব পেতে পারে পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
আরও পড়ুন
- গাজীপুর শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়
- সারাদেশে তাপমাত্রা কমার আভাস, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন
- রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২
- পাটুরিয়ায় উদ্ধার শর্টগানটি হারিয়ে যাওয়া আনসার সদস্যের অস্ত্র
- মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব গ্রেপ্তার