1. »
  2. খেলার মাঠ

ঘরের মাঠে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম

ঘরের মাঠে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান

ম্যাচের শেষ বাঁশি বাজার বাকি ছিল মাত্র পাঁচ মিনিট। গোলশূন্য সমতায় এগোচ্ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে অতিরিক্ত সময়ে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শট ভেঙে দেয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। শেষ মুহূর্তের ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার অপেক্ষা আরও দীর্ঘ হলো হামজা চৌধুরীদের। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই সতর্ক ফুটবল খেলেছে দুই দল। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল রাকিব হোসেনের সামনে। শমিত সোমের হেড থেকে বল পেয়ে জোরালো শট নেন রাকিব। তবে প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বল থেকেও গোল করতে পারেননি তিনি। তার দ্বিতীয় প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের আব্দুল সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।

বিরতির পরও ম্যাচের চিত্রে খুব একটা পরিবর্তন আসেনি। বলের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে থাকলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি হামজারা। ৫৬ মিনিটে বাংলাদেশের বল দখলের হার ছিল ৬৯ শতাংশ, বিপরীতে পাকিস্তানের ৩১ শতাংশ। কিন্তু বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় স্বাগতিকেরা।

সময় গড়ানোর সঙ্গে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে দুই দলই। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। আদিল নবীর নেওয়া শট দেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও দারুণ দক্ষতায় তা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

তবে ম্যাচের ৮৫ মিনিটে আর রক্ষা হয়নি বাংলাদেশের। আব্দুল সামাদের নেওয়া শক্তিশালী নিচু শট আটকাতে পারেননি শ্রাবণ। বল জালে জড়াতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন।

গোল হজমের পর শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের রক্ষণ ভেঙে আর গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফলে আগামী মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শেষ হলো হতাশার বিদায়ে।

মোজাহিদ/দিনকাল