1. »
  2. আন্তর্জাতিক

মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ এএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ এএম

মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তাঁর ভ্রমণের অনুমতি বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন এই সাংবাদিক।

তেলেঙ্গানা সরকারের উদ্যোগে ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হওয়া দুই দিনের ‘ভারত সামিটে’ বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেলে লিং। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে একটি আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিং জানান, হায়দরাবাদ যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের পথে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করা হয়। ওই সময় তাঁকে জানানো হয়, ভারতে প্রবেশের অনুমতি আর কার্যকর নেই।

এ ঘটনার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনাকে দায়ী করেছেন তিনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে প্রকাশ করা এক ভিডিও বার্তায় সাংবাদিকটি বলেন, প্রয়োজনীয় ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পরও শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত তাঁকে বিস্মিত করেছে।

নিজের ভিসা বাতিলের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন লিং। তাঁর ধারণা, ভারতের প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সমালোচনা করার কারণেই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাঁকে।

ভারতের প্রভাবশালী ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে তাঁর লেখা সমালোচনামূলক নিবন্ধ এবং ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে ইতিবাচক প্রতিবেদনও ভিসা বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাক্ষাৎকারও নিয়েছিলেন নরওয়ের এই সাংবাদিক।

সম্মেলনের নির্ধারিত অধিবেশনে অংশ নেওয়ার সময় এখনো থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন লিং।

এর আগে গত ১৮ মে নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসেন হেলে লিং। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি যখন অনুষ্ঠানস্থল ত্যাগ করছিলেন, তখন তিনি প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে মোদি কেন রাজি হন না?

তবে ওই প্রশ্নের কোনো জবাব না দিয়েই স্থান ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও একই প্রসঙ্গ তোলেন লিং। তখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের বিশ্ব সংস্কৃতিতে অবদান, বিশেষ করে শূন্য, যোগব্যায়াম ও দাবার প্রসঙ্গ তুলে উত্তর দেওয়া হয়েছিল।

সূত্র: ডেকান হেরাল্ড