কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৫৭ এএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৫৭ এএম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশগ্রহণ শেষে তিন দিনের তুরস্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। তার আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ছাড়েন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। সেখানে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।
গত ১০ নভেম্বর কপ৩১ সম্মেলন ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কে যান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন। সেখানে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চান তিনি। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া জলবায়ু অভিযোজন, অভিবাসন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসাপ্রক্রিয়া সহজ করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উজবেক প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী নতুন বছরে সফরের আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানও সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত একটি পার্শ্ব-আলোচনায় তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এ ছাড়া কপ৩১-এ অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান। বিশ্বনেতাদের স্ত্রী ও বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন জুবাইদা রহমান।
আরও পড়ুন
- দীর্ঘদিনের দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি
- জলবায়ু মোকাবিলায় ঋণ নয়, অনুদানের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
- বগুড়ার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই: আতিকুর রহমান রুমন
- কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আজ জুট প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ