1. »
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের দলটি হামলার শিকার হয়।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, পুলিশের দলটি অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি