শাপলা চত্বর হত্যাকাণ্ড
হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়।
মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
অন্যদিকে শেখ হাসিনাসহ মামলার বাকি আসামিদের পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ওবায়দুল কাদেরসহ সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা।
এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সময়ে আত্মসমর্পণ না করায় ১৬ সেপ্টেম্বর তাঁদের পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে দুটি পৃথক ঘটনায় হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এসব অভিযোগ এখনো বিচারাধীন; ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।
আরও পড়ুন
- তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড
- হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড
- আদালতের নির্দেশে রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
- গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
- প্রতারণা রোধে আগের বিয়ের তথ্য কাবিননামায় যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন