1. »
  2. জাতীয়

প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ, মাধ্যমিকের ২৩ প্রেসে বাড়তি নজরদারি

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:২৯ এএম

প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ, মাধ্যমিকের ২৩ প্রেসে বাড়তি নজরদারি

আগের বছরগুলোতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই হাতে পেতে বছরের প্রথম দুই-তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো শিক্ষার্থীদের। তবে এবার সেই চিত্রে পরিবর্তনের আভাস মিলছে। ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও সরবরাহের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৭০ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, ২৭টি ছাপাখানা তাদের নির্ধারিত কাজ পুরোপুরি শেষ করেছে। 

তবে বাকি ২৩টি প্রেসের কাজের অগ্রগতি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ওপর বাড়তি নজরদারি চালাচ্ছে এনসিটিবি। নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ছাপার মান বজায় রাখতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

এনসিটিবির পরিসংখ্যান বলছে, প্রাক্‌-প্রাথমিক স্তরের সব বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। প্রথম শ্রেণিতে ৯৮.০৮ শতাংশ, দ্বিতীয় শ্রেণিতে ৯৮.১৪ শতাংশ, তৃতীয় শ্রেণিতে ৯৮.১৫ শতাংশ, চতুর্থ শ্রেণিতে ৯৮.১১ শতাংশ এবং পঞ্চম শ্রেণিতে ৯৮.১০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিক স্তরে বই পৌঁছানোর হার ৯৮.২৪ শতাংশ।

প্রাথমিকের বইয়ের মান যাচাইয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজিম মুনির জানান, প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। কেবল পুনঃদরপত্রের মাধ্যমে দেওয়া কিছু কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, বাকি প্রায় পৌনে ২ শতাংশ কাজের জন্য গত মাসের ১৮ তারিখ সংশ্লিষ্ট প্রেসগুলোর সঙ্গে চুক্তি হয়েছে। এসব কাজও কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার কথা।

প্রাথমিকের তুলনায় মাধ্যমিক স্তরের বই সরবরাহে কিছুটা ধীরগতি রয়েছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৯১.২২ শতাংশ বই পৌঁছেছে। ষষ্ঠ শ্রেণিতে সরবরাহের হার ৯১.৯৭ শতাংশ এবং সপ্তম শ্রেণিতে ৯৩.৫৪ শতাংশ।

অন্যদিকে অষ্টম শ্রেণির ৬২.৮০ শতাংশ এবং নবম-দশম শ্রেণির ৩০.২২ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে মাধ্যমিক স্তরে বই সরবরাহের হার দাঁড়িয়েছে ৭০.৩১ শতাংশ।

মাধ্যমিকের বইয়ের মান যাচাইয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন বলেন, ইতিমধ্যে ২৭টি প্রেস তাদের শতভাগ কাজ সম্পন্ন করেছে। বাকি প্রেসগুলোতেও পুরোদমে কাজ চলছে। নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ তুলনামূলক পরে শুরু হওয়ায় এই স্তরের বই সরবরাহে কিছুটা পিছিয়ে রয়েছে। তবে দরপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্‌-প্রাথমিক স্তরে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি, প্রাথমিক স্তরে ৭ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ কপি এবং মাধ্যমিক স্তরে ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি বই রয়েছে।