1. »
  2. আবহাওয়া

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

রাজধানী ঢাকায় বুধবারের সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। দিনের কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েই বৃষ্টির কবলে পড়তে হয়েছে নগরবাসীকে। ঢাকার পাশাপাশি আশপাশের কয়েকটি এলাকাতেও বৃষ্টির দেখা মিলেছে। এদিকে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার ভোর সাড়ে ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যাতেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে আবহাওয়ায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।