সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৫:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৫:২৭ পিএম
সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেয়েছেন। একই সঙ্গে পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানায় দুদক।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। গত ৫ নভেম্বর কমিশনের সভায় আবেদনটি পর্যালোচনা করে তার অপসারণের আদেশ প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে শুরু থেকেই বাতিল করেন। একই সঙ্গে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
তবে ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এতে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি বাধা দূর হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত এবং প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে আলোচনায় এসেছিলেন শরীফ উদ্দিন। তার অপসারণের ঘটনা ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন
- জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ
- প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ, মাধ্যমিকের ২৩ প্রেসে বাড়তি নজরদারি
- তরুণদের চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হতে হবে: রাষ্ট্রপতি
- তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী