তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:৩০ পিএম
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
স্থানীয় গভর্নর জানান, কারখানায় ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। এর পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন জ্বলতে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
উল্লেখ্য, হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান: মার্কো রুবিও
- ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা
- জার্মানিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯, আহত অন্তত ১৬
- নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- ইরানে একাধিক বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর