স্যান্ডপেপার গেট বিতর্কে নতুন দাবি খাজার, মুখ খুললেন মিচেল স্টার্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:২২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:২২ পিএম
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে করা এক দাবিকে কেন্দ্র করে আলোচনায় এসেছে ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনা।
খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সব খেলোয়াড়ই আগে থেকে অবগত ছিলেন। তবে এ বিষয়ে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি পেয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। কিন্তু খাজার দাবি, ঘটনাটি সম্পর্কে শুধু এই তিনজনই জানতেন, বিষয়টি এমন ছিল না।
২০২১ সালে ক্যামেরন ব্যানক্রফট সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের বোলারদের অজানা থাকার কথা নয়। তার এই মন্তব্যের পর কেপটাউন টেস্টে খেলা চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন যৌথ বিবৃতিতে জানান, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
খাজার আত্মজীবনী ‘সবর’-এর একটি অধ্যায়ে উঠে এসেছে সেই সময়ের ঘটনা। সেখানে তিনি আরও দাবি করেছেন, কেপটাউন টেস্টে ক্যামেরার সামনে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার আগেও পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিল।
প্রায় আট বছর পর খাজার এই বক্তব্য ঘিরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন বিষয়টিকে বইয়ের প্রচারণার কৌশল হিসেবে দেখলেও ডেভিড ওয়ার্নার খাজার দাবিকে সমর্থন করেছেন।
এবার এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন কেপটাউন টেস্টের একাদশে থাকা মিচেল স্টার্ক। ২০২১ সালে দেওয়া যৌথ বিবৃতিতে যে অবস্থান জানিয়েছিলেন, এখনো তাতেই অনড় রয়েছেন তিনি। স্টার্কের ভাষ্য, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে বোলারদের কোনো ধারণা ছিল না।
স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে অবশ্যই বিভিন্ন ধরনের মতামত রয়েছে। সে সময় এবং পরবর্তী সময়ে আমাদের কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমি অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে নিজের অবস্থান থেকে বলতে পারি, আমার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, এখনো সেই অবস্থানেই আছি।’
পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল বলে খাজার দাবির বিষয়ে স্টার্ক বলেন, ‘এ বিষয়ে এই প্রথম শুনলাম যে পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল। আমাদের বিবৃতিতে আগেই জানিয়েছিলাম, মাঠে কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’
এদিকে, আট বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের কোনো পরিকল্পনা নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। সংস্থাটির প্রধান নির্বাহী গ্রিনবার্গের মতে, অতীতের ঘটনা আবার খতিয়ে দেখে বর্তমানে কোনো লাভ হবে না। ফলে খাজার আত্মজীবনীতে উঠে আসা নতুন দাবি নিয়ে বিতর্ক চললেও আপাতত বিষয়টি পুনরায় তদন্তের পথে হাঁটছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
- সাফে খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী
- ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান
- ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক-তাসকিন
- এশিয়া কাপ দলে ডাক পেলেন সাব্বির রহমান
- টেস্টে হারের ধাক্কা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচে নেমে গেল বাংলাদেশ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
- এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল