জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:০৫ পিএম
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
আগামী ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও জানান, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের অবস্থান, স্বার্থ ও অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো বাংলাদেশের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- কোনো নাগরিক যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- ২০ লাখ টাকা অর্থায়নের ‘উদ্যোগ’ কর্মসূচি, উদ্যোক্তা বাছাই করছে বাংলাদেশ ব্যাংক
- প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
- তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- তিন নতুন সার কারখানার স্থাপনের পরিকল্পনা সরকারের
- বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
- মোংলা বন্দর আধুনিকায়নে সারাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে: প্রধানমন্ত্রী