1. »
  2. জাতীয়

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০২ এএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০২ এএম

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংবিধান নির্ধারিত সময়সীমা বজায় রাখতেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সে হিসেবে মোট ১০ কার্যদিবসের কর্মসূচি নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, একটি সংসদ অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বান করতে হয়। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতেই এবারের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন। এ উপলক্ষে সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিল নিয়ে সংসদে আলোচনা ও পর্যালোচনা করা হবে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় চলতি অধিবেশনের সময় কম রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে ধারাবাহিকতায় ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।

এদিকে, অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস, সময়সূচি ও আলোচ্যসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ এবং বিভিন্ন সাধারণ আলোচনা স্থান পাবে। পাশাপাশি উত্থাপিত বিলগুলো নিয়েও সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।