পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯, আহত অন্তত ১৬
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোর মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। পরে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত নয়জনে।
স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিকেলে পর্যটক ও সাধারণ মানুষের ভিড়ে মুখরিত ক্রাকোর ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক ধাঁচের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তি গাড়ি চালিয়ে স্কয়ারের ভেতরে প্রবেশ করেন। এরপর গাড়ি থেকেই একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে আটকের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও আহত হন। পরে তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, মার্কেট স্কয়ারে নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজন পোলিশ নাগরিক এবং একজন ব্রিটিশ পুরুষ রয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের অন্তত পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন।
হামলাকারীর বাড়িতে মিলল আরও তিন মরদেহ
ভয়াবহ এ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ মাইল দূরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ওস্ত্রোবিয়েৎস শভিয়েনতকশিস্কিতে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই নারী ও এক পুরুষ হামলাকারীর মা-বাবা ও বোন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই বন্দুকধারী অতি-ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন।
ক্রাকোজুড়ে নিরাপত্তা জোরদার, দুই দিনের জাতীয় শোক
হামলার পর ক্রাকোজুড়ে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী ওয়ারশসহ দেশটির অন্যান্য প্রধান শহরের জনবহুল এলাকাগুলোতে সড়ক ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের স্মরণে পোল্যান্ডে রোববার ও সোমবার দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
- নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- ইরানে একাধিক বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
- জীবনযাত্রার ব্যয় কমানো ও ইরান যুদ্ধ বন্ধে কাজ করবে ডেমোক্র্যাটরা : শুমার
- রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধ: ট্রাম্প
- মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, ফিরছে ডেমোক্র্যাটরা
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯
- অর্ণবের পর নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, সরানো হচ্ছে উপকূলের মানুষ