তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:০১ এএম | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:০১ এএম
যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বার্তা নিয়ে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের বিশিষ্ট সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
বাকিংহাম প্যালেসের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। ডাচেস সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ড, ডিউক অব এডিনবরার স্ত্রী।
সফরকালে রাজধানী ঢাকায় পৌঁছালে তাঁকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস সোফি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন তিনি।
পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বের গুরুত্ব তুলে ধরবেন। শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের অবদান ও সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন ডাচেস সোফি। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
এই কর্মসূচির মাধ্যমে নারী ও মেয়েদের আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ এবং নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ইতিবাচক ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ডাচেস সোফি। তরুণ প্রজন্মের সঙ্গে এ আয়োজনে অংশ নিয়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরবেন তিনি।
ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস অব এডিনবরা। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়ন, সুরক্ষা ও মানবিক সহায়তায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে বাস্তুচ্যুত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানবেন।
এ ছাড়া শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে পরিচালিত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করবেন ডাচেস সোফি।
তিন দিনের এই সফরের মধ্য দিয়ে নারী ও শিশুদের অধিকার, মানবিক সহায়তা, শিক্ষা, খেলাধুলা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতার বহুমুখী দিক আরও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- কোনো নাগরিক যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- ২০ লাখ টাকা অর্থায়নের ‘উদ্যোগ’ কর্মসূচি, উদ্যোক্তা বাছাই করছে বাংলাদেশ ব্যাংক
- প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
- তিন নতুন সার কারখানার স্থাপনের পরিকল্পনা সরকারের
- বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
- মোংলা বন্দর আধুনিকায়নে সারাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে: প্রধানমন্ত্রী
- মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী