1. »
  2. আন্তর্জাতিক

হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫ এএম | আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫ এএম

হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। এ ছাড়া অভিযানে হুথিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকেজো করা হয়েছে বলে জানিয়েছে তারা।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এসব তথ্য জানিয়েছেন।

তার দাবি, অভিযানে হুথিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের সামরিক সক্ষমতা দুর্বল করতে বেশ কিছু সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকার্যকর করা হয়েছে।

গত ৫ অক্টোবর রাজধানী সানা এবং হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।

তবে অভিযান শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। বরং সংঘাত দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির লড়াইয়ে রূপ নিয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি সামরিক অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে।

তথ্যসূত্র: আল জাজিরা