মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একই দিনে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্প এবং চীনের সঙ্গে নতুন সমঝোতাকে কেন্দ্র করে দেশের বন্দর অবকাঠামো, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন
- মোংলা বন্দর আধুনিকায়নে সারাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে: প্রধানমন্ত্রী
- মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
- দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
- বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শুরু
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী