1. »
  2. জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শুরু

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ পিএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ পিএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শুরু

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যে নতুন নিম্নতম বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে সরকার গঠিত মজুরি বোর্ড। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে প্রথম বৈঠক শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও বেতন বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাক শিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে সরকার।

নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সাধারণত নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরি করে মজুরি বোর্ড। শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কিংবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।

সম্প্রতি শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমাও কমানো হয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও সংশোধিত আইনে তা কমিয়ে তিন বছর করা হয়েছে।

এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নতুন মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ায় বৈঠকের সুপারিশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন