1. »
  2. খেলার মাঠ

এশিয়া কাপ দলে ডাক পেলেন সাব্বির রহমান

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:৩১ এএম

এশিয়া কাপ দলে ডাক পেলেন সাব্বির রহমান

বয়স ৩৪ বছর। এই বয়সে অনেক ক্রিকেটার জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তবে সাব্বির রহমান এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের পথে নতুন সুযোগ পেয়েছেন তিনি। রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এর আগে ২০১৬ সালের এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন ২৪ বছর বয়সী সাব্বির। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। এক দশক পর আবারও এশিয়া কাপের দলে জায়গা পেলেন সাব্বির। তবে এবার প্রতিযোগিতাটি উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়ায় তাঁকে খেলতে হবে তুলনামূলক তরুণ প্রতিপক্ষের বিপক্ষে।

সাব্বিরের অন্তর্ভুক্তির পাশাপাশি এবারের প্রাথমিক স্কোয়াডে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। তাঁদের মধ্যে রয়েছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।

নাঈম শেখের রয়েছে প্রায় ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ২০১৯ বিশ্বকাপে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন ২০২৫ সালে জাতীয় দলে অভিষিক্ত হন। মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও জাকির হাসানও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

অন্যদিকে প্রাথমিক দলে এমন সাতজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তাঁরা হলেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণের এই এশিয়া কাপ।

টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রাকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।