বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:২১ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ডলারের দর দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে মার্কিন সরকারি বন্ডের সুদের হার কমে যাওয়াও মূল্যবান এই ধাতুর দর বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আগের দিনের তুলনায় ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৩১ ডলার ২৪ সেন্টে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩ হাজার ৯৪১ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছিল।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের মতে, ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের নামমাত্র ও প্রকৃত সুদের হারে উল্লেখযোগ্য পতন স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করছে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অনিশ্চিত ও সংঘাতমুখী নীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন।
মার্কিন নির্বাচনের প্রভাব আর্থিক বাজারে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের প্রাথমিক সাফল্যের খবরের পর দেশটির শেয়ারবাজারের ফিউচার দর কমেছে। বিপরীতে সরকারি বন্ডের দাম বেড়েছে এবং ডলারের দর দুর্বল হয়েছে।
যদিও নির্বাচনের চূড়ান্ত ফল এখনো অনিশ্চিত, তবে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা ঘিরে আর্থিক বাজারে প্রভাব পড়ছে। বিনিয়োগকারীরা নির্বাচনের ফলাফলের পাশাপাশি নতুন রাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবও বিবেচনায় নিচ্ছেন।
ভূরাজনৈতিক উত্তেজনাও বাড়াচ্ছে স্বর্ণের চাহিদা
স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা এখনো অনেক দূরে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
অন্যদিকে, নির্বাচনের পর আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।
সুদের হার ও কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনার হার ৭৮ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বৃদ্ধি পায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।
এখন বাজারসংশ্লিষ্টদের নজর শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোলস প্রতিবেদনের দিকে। কৃষি খাতের বাইরের কর্মসংস্থানের এই পরিসংখ্যান দেশটির শ্রমবাজারের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নির্ধারণের সিদ্ধান্তেও এর প্রভাব পড়তে পারে।
স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, প্রতি আউন্স স্বর্ণের ৪ হাজার ডলার মূল্যকে গুরুত্বপূর্ণ প্রতিরোধস্তর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই স্তরের ওপরে বা নিচে দামের বড় ধরনের পরিবর্তন স্বর্ণের পরবর্তী বাজারপ্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
স্বর্ণের দাম বাড়লেও বুধবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দর কমেছে।
স্পট সিলভারের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৩৮৯ ডলার ৫৪ সেন্ট। এ ছাড়া প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৯২৮ ডলার ২৩ সেন্টে নেমেছে।
সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
- আবারও বাড়ল সোনার দাম
- ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা