দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
টানা দুই দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। উল্লেখ্য, প্রতি ভরি স্বর্ণের পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও মান অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
এর আগে গত ৩১ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৮ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।
আরও পড়ুন
- আবারও বাড়ল সোনার দাম
- ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম